বিশ্ব যখন ভয়াবহ মহামারীতে বিপর্যস্ত, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে আরেক মহাবিপদ উঁকি দিচ্ছে। গত ৪ এপ্রিল থেকে এখানে এক নারকীয় দাবানল ক্রমশ শক্তিশালী হচ্ছে। দাবানল থেকে চের্নোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দূরত্ব এখন মাত্র ২ কিলোমিটার।
গ্রিনপিস বলছে দাবানলের আয়তন বর্তমানে ৪৬ হাজার হেক্টরের বেশি। প্রায় ৩০০ দমকলকর্মী দাবানল নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি ৬টি হেলিকপ্টার ও উড়োজাহাজ আকাশ থেকে অগ্নিনির্বাপক নিক্ষেপ করছে। পুলিশ বলছে, গত ৪ এপ্রিল চের্নোবিলের কাছাকাছি অঞ্চলে এক ব্যক্তি শুকনো ঘাসে আগুন ধরিয়ে দেয়। ফলে পার্শ্ববর্তী জঙ্গলে দাবানল ছড়িয়ে পড়ে। ইউক্রেন কর্তৃপক্ষ ইতিমধ্যে পরিতক্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারিদিকে খাল খনন শুরু করেছে।
স্থানীয় একজন ট্যুর অপারেটর বলছেন, আগুনের একটি অংশ ইতিমধ্যে প্রিপায়াত-এ পৌঁছে গেছে, যা চের্নোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস টাউন হিসেবে কাজ করেছে। ১৯৮৬ সালের বিদ্যুৎ কেন্দ্রটির ৪ নম্বর চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তায় প্রাণ হারায় প্রায় ৪ হাজার মানুষ। ২০১৬ সালে বিস্ফোরিত চুল্লির উপর চূড়ান্ত কন্টেইনমেন্ট তৈরির কাজ শেষ হয়। এটি একদিকে যেমন তেজস্ক্রিয়তা নিরোধক হিসেবে কাজ করবে, অন্যদিকে চুল্লির সকল যন্ত্রাংশ খুলে ফেলতে সাহায্য করবে।
কন্টেইনমেন্টটি এত বড় যে এর মধ্যে স্ট্যাচু অব লিবার্টি অনায়াসে জায়গা করে নিতে সক্ষম। বর্তমানে তেজস্ক্রিয় দ্রব্যগুলো অপসারণের কাজ চলছে। প্রক্রিয়াটি ২০২৩ সালে শেষ হওয়ার কথা। কিন্তু, দাবানলের মত দুর্যোগ কন্টেইনমেন্টের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। ফলে, নতুন করে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কন্টেইনমেন্ট রক্ষায় ইউক্রেন কর্তৃপক্ষের আপ্রাণ চেষ্টা সফল হবে এটাই প্রত্যাশা।
শিপ্রা হালদার
source https://www.presscardnews.com/2020/06/presscard-news-world_90.html

COMMENTS